ঢাকা | অক্টোবর ১০, ২০২৬ - ৬:৩২ অপরাহ্ন

শিরোনাম

শিক্ষা

শিক্ষা উপদেষ্টা

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক।। এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন থেকে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। বিশেষ করে শিক্ষার্থীরা যেসব নির্দিষ্ট বিষয়ে অকৃতকার্য হয়েছে, আগামী বছর থেকে সেসব বিষয়ে দ্রুত পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণস্বাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’-এ এসব কথা জানান প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

শিক্ষা উপদেষ্টা বলেন, “এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল করতে পারেনি। তাদের ভবিষ্যৎ নিয়ে সরকার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, অকৃতকার্য ও প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের তালিকা তৈরি করে তাদের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী ক্যারিয়ার গঠনের সুযোগ তৈরি করতে।”

তিনি জানান, এসব শিক্ষার্থীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও ক্যারিয়ার গঠনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এর অংশ হিসেবে কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণ ও বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করা হতে পারে। পাশাপাশি যাদের ব্যবসা করার ভালো ধারণা রয়েছে, তাদের প্রাথমিক অর্থায়নের সুযোগ তৈরির বিষয়টিও বিবেচনা করা হবে।

বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়ে মাহদী আমিন বলেন, জাপানি, কোরীয়, চীনা কিংবা ইউরোপের বিভিন্ন দেশের ভাষা শেখার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। তিন থেকে ছয় মাসের ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ নিয়ে অনেক শিক্ষার্থী সরাসরি কর্মসংস্থানে যুক্ত হতে পারবে। শুধু সনদের ওপর নির্ভর না করে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জন করা জরুরি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, “এসএসসিতে ভালো ফল করলেই জীবনে সফলতা নিশ্চিত হয় না। একইভাবে পরীক্ষায় খারাপ ফল করলেই কেউ ব্যর্থ হয়ে যায় না। একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে কারও অন্য প্রতিভা ও সৃজনশীলতাকে উপেক্ষা করা উচিত নয়।”

পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ পদ্ধতি নিয়েও কথা বলেন মাহদী আমিন। তিনি জানান, আগে পুনর্নিরীক্ষণের সময় মূলত নম্বরের যোগ-বিয়োগ ঠিক আছে কি না তা দেখা হতো, তবে এখন থেকে উত্তরপত্রের পূর্ণাঙ্গ মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পর্কিত