ঢাকা | অক্টোবর ১০, ২০২৬ - ৭:০৯ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল চালুর দাবিতে মানববন্ধন

এম এ হাসান, টেকনাফ

 

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া জাহাজঘাট থেকে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় দমদমিয়া জাহাজঘাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

‘জনসাধারণ উখিয়া-টেকনাফ’ এবং ‘টেকনাফ দূরপাল্লার বাস ব্যবস্থাপক সমবায় সমিতি’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত পোস্টার ও প্ল্যাকার্ড দেখা যায়। তাঁরা টেকনাফের দমদমিয়া জাহাজঘাট থেকে সেন্টমার্টিন দ্বীপে পুনরায় জাহাজ চলাচল চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 

কর্মসূচিতে বক্তব্য দেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

 

বক্তারা বলেন, টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালু হলে দ্বীপের বাসিন্দাদের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে পর্যটন খাত, স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও পরিবহনসংশ্লিষ্ট মানুষের জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে। সেন্টমার্টিনের মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি পর্যটনশিল্পের বিকাশেও দমদমিয়া জাহাজঘাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

তাঁরা আরও বলেন, স্থানীয় মানুষের স্বার্থ ও দ্বীপের অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে এ নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

 

তবে জাহাজ চলাচল চালুর ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সরকারি বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেন বক্তারা। এসব বিষয় বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।

 

মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে দ্রুত জাহাজ চলাচল পুনরায় চালুর দাবি জানানো হয়। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, তাঁদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

সম্পর্কিত