রাজধানীতে ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর ভাটারা থানার সাঈদনগর এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে ফুয়াদ নাঈম (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে সাঈদনগর বড় মসজিদসংলগ্ন একটি আবাসিক ভবনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফুয়াদ নাঈম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর এলাকায়। তার বাবা মোস্তাফিজুর রহমান পেশায় একজন শিক্ষক।
পুলিশ ও নিহতের সহপাঠীদের সূত্রে জানা গেছে, নাঈমসহ কয়েকজন শিক্ষার্থী সাঈদনগরের ১২ নম্বর রোডের ২২ নম্বর বাসার দ্বিতীয় তলায় মেস করে থাকতেন। ভবনটির পাশেই একই মালিকের আরেকটি ভবন রয়েছে। মাঝখানের সংযোগপথ দিয়ে দুই ভবনের ফ্ল্যাটে যাতায়াত করা যায়।
নাঈমের রুমমেট মাজহারুল ইসলাম ও প্রতিবেশী ইয়াসিন আরাফাত জানান, শুক্রবার সকালে তারা মেসের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ নিচে হইচই ও শোরগোল শুনে তারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। এরপর দুই ভবনের মাঝখানের ফাঁকা জায়গায় নাঈমকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফরাজি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা হাসপাতালে এবং পরবর্তীতে সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহপাঠীরা জানান, ঘটনার সময় সবাই ঘুমিয়ে থাকায় নাঈম কীভাবে নিচে পড়ে গেছেন তা কেউ সরাসরি দেখেননি। তবে ভবনের কেয়ারটেকারের বরাতে তারা জানান, ভোরের দিকে নাঈম এক ভবন থেকে পাশের ভবনে গিয়ে কাউকে ডাকাডাকি করছিলেন। ধারণা করা হচ্ছে, ওই সময় অসাবধানতাবশত বারান্দা থেকে নিচে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানাকে অবহিত করা হয়েছে।











