সবার জন্য নিরাপদ-টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক।। সব নাগরিকের জন্য নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব বসতি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব বসতি দিবসের অর্থ শুধু একটি ঘর নয়, এর সঙ্গে নিরাপদ পানি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, উন্নত পয়ঃনিষ্কাশন, উন্নত সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যাপ্ত কর্মসংস্থান সরাসরি সম্পৃক্ত। বাংলাদেশের মতো জনবহুল দেশে সবার জন্য টেকসই আবাসন নিশ্চিত করা সহজ নয়, তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য শহরগুলোর ওপর মানুষের অতিরিক্ত চাপের কথা উল্লেখ করে তিনি বলেন, শহরগুলোতে সাশ্রয়ী আবাসনের পাশাপাশি পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত নগর গড়ে তোলা জরুরি। সীমিত আয়ের মানুষের জন্য বাসস্থান সুবিধা প্রদান বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার।
প্রধানমন্ত্রী জানান, পরিকল্পিত নগরায়ণের জন্য প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। এরই মধ্যে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এর ফলে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সহজ হবে।
শহরাঞ্চলে জনগণের চাপ কমাতে বিকেন্দ্রীভূত, ভারসাম্যপূর্ণ নগর ও আঞ্চলিক উন্নয়নের ওপর জোর দিচ্ছে সরকার। এই লক্ষ্যে ঢাকার আশপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বাড়িয়ে মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা কমানোর পদক্ষেপ বাস্তবায়ন শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আবাসন সংকট মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা ও অংশীজনদের সমন্বিত অংশগ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। ব্লকভিত্তিক আবাসন উৎসাহিত করার পাশাপাশি এলাকাভিত্তিক পার্ক, খেলার মাঠ স্থাপন এবং নির্ধারিত জোনে শিল্পাঞ্চল গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বিশ্ব বসতি দিবস-২০২৬-এর সব কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।











