সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় সফল সমাপ্তি সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টের
বান্দরবান প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় আয়োজিত ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উৎসবমুখর পরিবেশে গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে।
রোববার (৪ অক্টোবর) অনুষ্ঠিত পুরুষ বিভাগের গ্র্যান্ড ফাইনালে বান্দরবান সদর উপজেলা দল ১-০ গোলে আলীকদম উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এতে রানার্সআপ হয় আলীকদম উপজেলা দল। নারী বিভাগের ফাইনালে থানচি উপজেলা নারী দল চ্যাম্পিয়ন এবং বান্দরবান সদর উপজেলা নারী দল রানার্সআপ হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ও ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং, জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ রেজাউল করিমসহ সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে নারী বিভাগের সেরা গোলকিপার রিংকি মারমা, সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা মাপ্রুচিং মারমা এবং ম্যান অব দ্য ম্যাচ দীপা চাকমা নির্বাচিত হন। পুরুষ বিভাগে সেরা গোলকিপার ইমন বড়ুয়া এবং সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দ্য ম্যাচ হন মোঃ জাফর।
সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্ট খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে ভূমিকা রেখেছে।











