নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৪ অক্টোবর) ভোরে তুমব্রু বিওপির বিশেষ টহলদল সীমান্তের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
৩৪ বিজিবি সূত্র জানায়, গত ৩ অক্টোবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিমকুল রুহুলের দোকান-কাটাপাহাড় সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করানো হবে। এর পরিপ্রেক্ষিতে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কায়রুল আলমের নির্দেশনায় তুমব্রু বিওপির বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অবস্থান নেয়।
রোববার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে অত্যাধুনিক থার্মাল ইমেজারের মাধ্যমে বিজিবি সদস্যরা কয়েকজন চোরাকারবারির গতিবিধি দেখতে পান। পরে বিজিবির ৫-৬ সদস্য তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা সঙ্গে থাকা মালামাল ফেলে রাতের অন্ধকার ও পানির মধ্য দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। ফলে চোরাকারবারিদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে লুঙ্গিতে মোড়ানো তিনটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগগুলো খুলে ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কায়রুল আলম বলেন, উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











