দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (৪ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ২টা পর্যন্ত বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে ৩৪ নম্বর রূপকারী ইউনিয়নের রূপালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে রূপকারী এলাকা ও আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আসা আনুমানিক ২৬৪ জন পাহাড়ি ও বাঙালি রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব ও ক্যাপ্টেন মানিয়া মুর্শিদা তৃণ।
ক্যাম্প পরিদর্শনের সময় স্থানীয় বাঙালি পাড়ার মেম্বার মো. নুরু, কারবারি বিজয় সেন, মেম্বার নিউটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাঘাইহাট জোনের উদ্যোগে এর আগেও দুর্গম ভূয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট ও মুশফিক এলাকার এমএ গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয়, সাজেক পর্যটন এলাকার কমিউনিটি ক্লিনিক এবং ক্ষেত্রপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।
বাঘাইহাট জোন কর্তৃপক্ষ জানায়, দুর্গম পাহাড়ি অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











