ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৬ - ৮:৪৮ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে নকল ‘গুরুদেব’ আগরবাতি বিক্রির অভিযোগে দুই দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট: Thursday, September 17, 2026 - 6:22 pm

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী বাজারে নকল ‘ইন্ডিয়ান গুরুদেব’ আগরবাতি বাজারজাত করার অভিযোগে এক দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে রোহিঙ্গাদের জন্য বরাদ্দ করা ‘নট ফর সেল’ লেখা সাবান বিক্রির অভিযোগে অপর এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক দুটি ঘটনায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাইখালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করে চন্দ্রঘোনা থানা-পুলিশ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তোফায়েল আহাম্মদ।

অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রাইখালী বাজারের আজগর আলী স্টোরে ‘ইন্ডিয়ান গুরুদেব’ আগরবাতির আদলে তৈরি খালি প্যাকেটে নকল আগরবাতি ভরে প্যাকেটজাত করা হচ্ছিল। পরে এসব পণ্য বাজারজাত করার অভিযোগে দোকানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে নকল আগরবাতিসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের একাংশ ঘটনাস্থলে জনসম্মুখে ধ্বংস করা হয়। বাকি কিছু পণ্য আলামত হিসেবে জব্দ করে চট্টগ্রামে নেওয়া হয়েছে।

এদিকে, একই বাজারের খাজা স্টোরে রোহিঙ্গাদের জন্য বরাদ্দ করা ‘নট ফর সেল’ লেখা সাবান বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় দোকানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে বাজারের ব্যবসায়ীদের নকল ও অবৈধ পণ্য বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। একই সঙ্গে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার জন্য তাঁদের সতর্ক করা হয়।