ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

রেললাইনের পাশে ঘোরাঘুরি, চায়ের দোকানে পানি পান—এরপরই ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু

  • আপডেট: Thursday, September 17, 2026 - 6:33 pm

 

 

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেসের মোড়ের বেলার গেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতের পরনে ছিল জিন্সের প্যান্ট। ঘটনাস্থলের পাশে পড়ে থাকতে দেখা যায় এক জোড়া স্যান্ডেল। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

 

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকাল থেকেই ওই ব্যক্তিকে রেললাইনের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে তিনি কেসের মোড়ের একটি চায়ের দোকানে গিয়ে পানি পান করেন। এরপর রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন আক্কেলপুর স্টেশন অতিক্রম করে বেলার গেট এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি রেললাইনের ওপর ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান।

 

আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. হাসিবুল হাসান বলেন, ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত অবস্থায় এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্কেলপুর স্টেশন থেকে সকাল ১০টা ২০ মিনিটে তিতুমীর এক্সপ্রেস ছেড়ে যায়। ওই ট্রেনেই তিনি কাটা পড়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন মুঠোফোনে জানান, ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। তারা সেখানে গিয়ে বিষয়টি তদন্ত করবে। মরদেহ উদ্ধার ও তদন্তের পর নিহতের পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

 

এদিকে, নিহত ব্যক্তি কীভাবে রেললাইনে এসেছিলেন এবং ঠিক কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে রেলওয়ে পুলিশ।