ঢাকা | জুলাই ২৮, ২০২৬ - ৬:১৭ অপরাহ্ন

শিরোনাম

মানিকছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর মানবিক সহায়তা

  • আপডেট: Tuesday, July 28, 2026 - 4:59 pm

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম বাটনাতলী ইউনিয়নের আচালংপাড়া ও নোয়াপাড়ায় শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে আচালংপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোনের এএমসি ক্যাপ্টেন এম এম আকিফ ইউসুফ নজীব।

এ সময় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি আচালংপাড়ার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত দুই শতাধিক মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

এছাড়া বাটনাতলী ইউনিয়নের দুর্গম নোয়াপাড়ায় বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট নিরসনে সৌরবিদ্যুৎচালিত পানির পয়েন্ট স্থাপন করে সিন্দুকছড়ি জোন। স্থানীয়দের জন্য এ উদ্যোগ নিরাপদ সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।