ঢাকা | জুলাই ২৬, ২০২৬ - ৮:২৫ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুলের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, July 26, 2026 - 7:00 pm

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুলের প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে খেদারমারা ইউনিয়নের পাবলাখালী এলাকার মন্যরামপাড়া পার্টনার ফিল্ড স্কুলের পুষ্টি ও কৃষক সেবা কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে খেদারমারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ উপসহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সেতু চাকমা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষক-কৃষাণী এবং প্রকল্পের উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি হাতে-কলমে কৃষি প্রশিক্ষণ, পুষ্টিসমৃদ্ধ শাকসবজি চাষ, আধুনিক কৃষি প্রযুক্তি ও কৃষিযন্ত্রের ব্যবহার সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে। এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়নে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।