ঢাকা | জুলাই ২২, ২০২৬ - ৮:২৮ অপরাহ্ন

শিরোনাম

বাউফলে সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট: Wednesday, July 22, 2026 - 6:33 pm

বাউফল প্রতিনিধি।। ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাউফলে সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বাউফল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির।

আজ বুধবার (২২ জুলাই) দুপুরে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর বিদ্যালয় প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের প্রতিটি অঞ্চলে সবুজায়নের লক্ষ্যে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক উদ্যোগ নয়, এটি পরিবেশ ও মানবতার কল্যাণে একটি জাতীয় দায়িত্ব।

তিনি আরো বলেন, প্রত্যেক নাগরিক যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব অনেকাংশে মোকাবিলা করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশকে শীতল রাখে, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমায় এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি চারা বড় হওয়া পর্যন্ত যত্ন নিতে হবে। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এই সবুজায়ন আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।

কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য জাকির হোসেন কানুনগো, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু, যুগ্ম আহ্বায়ক হাসান মল্লিক এবং বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম।

এ ছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।