রোয়াংছড়িতে বন্যাদুর্গত ১৫৭ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের বন্যাকবলিত দুর্গম এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্যোগকালীন মানবিক সহায়তার অংশ হিসেবে বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের উদ্যোগে রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি, উজানুপাড়া ও কানতারমুখ পাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫৭টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি। এ সময় উপস্থিত ছিলেন সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ হুমায়ুন কবির, পিএসসি এবং সহকারী পরিচালক মো. সেলিম রানা।
বিজিবি সূত্রে জানানো হয়, সাম্প্রতিক ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় দুর্গম এলাকার অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবারের দুর্ভোগ লাঘবে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, খাদ্য ও প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান এবং সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ মোকাবিলায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখবে বিজিবি।











