ঢাকা | নভেম্বর ৮, ২০২৬ - ৪:০১ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খানের ইন্তেকাল, কাসগুমায় দাফন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক।।  দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে মারা গেছেন পাকিস্তানশাসিত আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) সাবেক প্রেসিডেন্ট রাজা মোহাম্মদ জুলকারনাইন খান। শনিবার ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৩ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, অল্প সময়ের অসুস্থতার পর তার এই জীবনাবসান ঘটে। প্রবীণ এই রাষ্ট্রনায়কের প্রতি সম্মান জানিয়ে আজ রোববার আজাদ কাশ্মীরজুড়ে সরকারিভাবে একদিনের শোক পালিত হচ্ছে এবং সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

আজাদ কাশ্মীরের সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ রোববার সকাল ১১টায় ভিম্বার জেলার থাথি-কাসগুমা গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের পদস্থ সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন। জানাজা শেষে কাসগুমায় তাঁর পৈতৃক কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে দাফন সম্পন্ন করা হয়েছে।

আজাদ কাশ্মীরের প্রবীণ এই রাজনীতিকের প্রয়াণে পাকিস্তানের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব গভীর শোক প্রকাশ করেছেন। পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এবং সিনেট চেয়ারম্যান ইউসুফ রেজা গিলানি পৃথক শোকবার্তায় মরহুমের দীর্ঘ রাজনৈতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। সিনেট চেয়ারম্যান গিলানি মরহুমের ছেলে রাজা বাবর আলী জুলকারনাইনের সঙ্গে টেলিফোনে কথা বলে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

১৯৩৩ সালে এক সম্ভ্রান্ত রাজনৈতিক ও প্রশাসনিক পরিবারে জন্ম নেওয়া রাজা জুলকারনাইন খান ১৯৬০-এর দশকে রাজনীতিতে প্রবেশ করেন। ২০০৬ সালের আগস্ট থেকে ২০১১ সালের আগস্ট পর্যন্ত তিনি আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তার দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক ক্যারিয়ারে তিনি বিভিন্ন মেয়াদে আইনসভার সদস্য, একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং আজাদ কাশ্মীর কাউন্সিলের সদস্য হিসেবে অবদান রেখেছেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং আজাদ কাশ্মীর আইনসভার স্পিকার চৌধুরী তারিক ফারুক প্রবীণ এই নেতার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় নেতারা বলেন, রাজা জুলকারনাইনের প্রয়াণ জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক, সংসদীয় ও সামাজিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

সম্পর্কিত