ঢাকা | নভেম্বর ৬, ২০২৬ - ৮:২২ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

চন্দনাইশ উপজেলা পরিষদের ৫ অফিসে চুরি, ৮ কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ উধাও

নুরুল আলম, চন্দনাইশ প্রতিনিধি:

 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ কমপ্লেক্সের পাঁচটি সরকারি অফিসে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা অফিসগুলোর তালা ভেঙে আটটি কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ (মাদারবোর্ড) খুলে নিয়ে গেছে। এ সময় একটি অফিসের আলমারি থেকে নগদ ৪ হাজার ৫০০ টাকাও চুরি হয়।

 

জানা গেছে, উপজেলা পরিষদ ভবনের নিচতলায় অবস্থিত সমবায় অফিস থেকে একটি কম্পিউটার ও আলমারিতে রাখা ৪ হাজার ৫০০ টাকা, একই তলার উপজেলা ডিজিটাল সেন্টার অ্যান্ড ল্যাব থেকে একটি, দ্বিতীয় তলার এলজিইডি অফিস থেকে চারটি এবং তৃতীয় ও চতুর্থ তলায় অবস্থিত প্রকল্প বাস্তবায়ন অফিস ও কৃষি অফিস থেকে একটি করে কম্পিউটারের যন্ত্রাংশ চুরি করা হয়। পরে কম্পিউটারগুলো পাশের পুরোনো আদালত ভবনের একটি কক্ষে রেখে যায় দুর্বৃত্তরা।

 

শুক্রবার দুপুরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল আলম সিকদার তাঁর সঙ্গে ছিলেন।

 

ওসি দিদারুল আলম সিকদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত দেখা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান ঘটনাটিকে পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং, হাটবাজার ও দোকানপাটে অনিয়ম এবং মাছ-মাংসে ভেজালবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে প্রশাসনের চলমান কার্যক্রম বাধাগ্রস্ত করতেই এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।

 

এ ঘটনায় উপজেলা পরিষদের সরকারি দপ্তরগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত