ঢাকা | নভেম্বর ৬, ২০২৬ - ৭:১৯ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

অর্থাভাবে বন্ধ হয়েছিল ক্যান্সারের চিকিৎসা, ২৬ ইসিবির সহায়তায় সুস্থ জীবনে ফিরলেন অমরধন চাকমা

রাজস্থলী প্রতিনিধি:

দুর্গম পাহাড়ি অঞ্চলে উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (২৬ ইসিবি)। অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া ক্যান্সার আক্রান্ত এক পাহাড়ি ব্যক্তির উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়ে তাকে সুস্থ জীবনে ফিরতে সহায়তা করেছে সেনাবাহিনী।

ঘটনাটি রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম থুমপাড়া এলাকার। ওই এলাকার বাসিন্দা অমরধন চাকমা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। পরিবারের সামর্থ্য অনুযায়ী কিছুদিন চিকিৎসা চললেও আর্থিক সংকটের কারণে একপর্যায়ে তা বন্ধ হয়ে যায়। এতে দিশেহারা হয়ে পড়েন তার পরিবারের সদস্যরা।

পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ ইসিবি। খবর পেয়ে ব্যাটালিয়নের সদস্যরা অমরধন চাকমার শারীরিক অবস্থা ও পরিবারের আর্থিক অসচ্ছলতার বিষয়টি খোঁজখবর নেন। বিষয়টি বিবেচনায় নিয়ে ২৬ ইসিবির অধিনায়ক তার উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়। পাশাপাশি তার জটিল ও ব্যয়বহুল চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করে ২৬ ইসিবি।

সেনাবাহিনীর সহযোগিতা ও চিকিৎসায় বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন অমরধন চাকমা। দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে তিনি এখন পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করছেন। একসময় যে পরিবারটি প্রিয়জনকে হারানোর শঙ্কায় দিন কাটিয়েছে, সেখানে ফিরে এসেছে স্বস্তি ও আনন্দ।

সম্পর্কিত