ঢাকা | নভেম্বর ৮, ২০২৬ - ৪:০১ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কাফনের কাপড় পরে অবরোধ, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল-সড়কপথ অচল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। সদর উপজেলাকে বিভক্ত করার প্রস্তাবের প্রতিবাদে এবং একটি ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা।

আজ রোববার সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় বাসুদেব ইউনিয়নবাসীর এই আন্দোলনের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়ক পথ অবরোধ করায় ভারতের সঙ্গে যাত্রী ও পণ্যবাহী সব ধরনের যান চলাচল স্তবির হয়ে পড়েছে।

আন্দোলনকারী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার একক প্রস্তাবনার প্রেক্ষিতে ক্ষমতার অপব্যবহার করে এই নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। কবীর আহমেদের নিজের বাড়ি বরিশল গ্রামে, যা আগে বাসুদেব ইউনিয়নের অংশ ছিল।

স্থানীয়দের দাবি, কবীর আহমেদ তার ভাই এবং সাবেক প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) আব্দুর রহমান সানির প্রভাব খাটিয়ে স্বৈরাচারী কায়দায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন।

এই আন্দোলনের মূল নেতৃত্বে রয়েছেন বাসুদেব ইউনিয়ন বিএনপির একাংশ। ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন স্পষ্ট জানিয়েছেন, বরিশল মূলত বিলের পাড়ের একটি ছোট গ্রাম এবং এটি কোনোভাবেই একটি একক ইউনিয়ন হতে পারে না। বিতর্কিত এই সিদ্ধান্তের কারণে দল হিসেবে বিএনপিরও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

রেলপথ অবরোধের কারণে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সিলেটগামী আন্তঃনগর ‘পারাবত এক্সপ্রেস’ এবং ঢাকাগামী ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেন দুটি আটকা পড়ে আছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে কক্সবাজারগামী বিরতিহীন আন্তঃনগর ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটিকেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে থামিয়ে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ এই দুই রুটের সময়সূচি বিপর্যয়ে স্টেশনগুলোতে হাজারো যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এদিকে কোড্ডা এলাকায় আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কপথ পুরোপুরি বন্ধ থাকায় ভারতের ত্রিপুরায় রপ্তানির উদ্দেশ্যে যাওয়া পণ্যবাহী বেশ কয়েকটি ট্রাক সীমান্তে আটকে গেছে। স্থলবন্দর ব্যবহারকারী শত শত ভারতগামী যাত্রী ও সাধারণ পথচারীরাও দীর্ঘক্ষণ ধরে রাস্তায় অবরুদ্ধ হয়ে চরম বিপাকে পড়েছেন।

চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল গ্রাম ভেঙে নতুন একটি ইউনিয়ন গঠন করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়ার সঙ্গে যুক্ত হওয়া বরিশল ইউনিয়নের সমন্বয়ে ‘বরিশল’ নামে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব করা হলে স্থানীয় জনগণের মধ্যে এই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানিয়েছেন, অবরোধের বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরিস্থিতি শান্ত করতে এবং ট্রেন চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরোধকারীদের সাথে আলোচনা করার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনাস্থলে জেলা পুলিশ ও অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

সম্পর্কিত