ঢাকা | জুন ২৪, ২০২৬ - ৬:০৫ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে জীবনযাত্রার মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, June 24, 2026 - 3:55 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলায় দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন কার্যক্রম জোরদারের লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কমিউনিটি রেজিলিয়েন্স থ্রু লোকালি-লেড ইনক্লুসিভ অ্যাডাপটেশন (CORLIA) প্রকল্পের উদ্যোগে বুধবার (২৪ জুন) সকালে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। তিনি স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণকে সম্পৃক্ত করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন এবং দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

প্রকল্পের উপজেলা কমিউনিটি রেজিলিয়েন্স ফ্যাসিলিটেটর শেকি লেনিনা চাকমা এবং টেকনিক্যাল অফিসার শিখা চাকমার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনামুল হক হাজারী, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শাহ আলম চৌধুরী, ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ১১৯ নম্বর ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমাসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, কারবারি, জনপ্রতিনিধি ও পাড়া কর্মীরা।

আলোচনা সভায় বক্তারা দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী জনগণের জীবনমান উন্নয়নে কৃষি, প্রাণিসম্পদ, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি সরবরাহ, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় পর্যায়ে অভিযোজনমূলক কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

বিশেষভাবে বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করা এবং নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।