ঢাকা | জুন ২৪, ২০২৬ - ৫:৫৫ অপরাহ্ন

শিরোনাম

স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন স্বামী, অর্থ আত্মসাৎ ও পরকীয়ার অভিযোগ

  • আপডেট: Wednesday, June 24, 2026 - 3:33 pm

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি:

 

রাঙামাটির লংগদু উপজেলার ৩ নম্বর গুলশাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজনগর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান মানিক তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ-সম্পদ আত্মসাৎ, পরকীয়ার সম্পর্ক এবং মিথ্যা মামলা দায়েরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।

 

বুধবার (২৪ জুন) সকাল ১১টায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

 

লিখিত বক্তব্যে হাবিবুর রহমান মানিক জানান, ২০০১ সালে তিনি বাঘাইছড়ি উপজেলার হাজিপাড়া এলাকার বাসিন্দা ও সাবেক ইউনিয়ন পরিষদ সচিব মো. মমিনুল ইসলামের বড় মেয়ে দিল আফরোজা আক্তার লিপিকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

 

তার দাবি, পরিবারের আর্থিক উন্নয়নের লক্ষ্যে ২০১৬ সালে তিনি বিদেশে যান। পরে দেশে ফিরে স্ত্রীর আচরণে সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি জানতে চান। এ সময় স্ত্রীর সঙ্গে অন্য এক ব্যক্তির যোগাযোগ রয়েছে বলে তিনি অভিযোগ করেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্ত্রী ভিন্ন অবস্থান নিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

 

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, পরবর্তীতে পারিবারিক ও স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও দাম্পত্য কলহ অব্যাহত থাকে। একপর্যায়ে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এবং পরবর্তীতে নতুন করে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ করেন তিনি।

 

মানিকের অভিযোগ, সম্প্রতি পারিবারিক বিরোধের জেরে তিনি শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হন এবং জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাকে সহায়তা করে। এছাড়া একটি পুলিশি অভিযানের সময় তার বাসা থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

 

এছাড়াও তার বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টির তদন্ত বর্তমানে সংশ্লিষ্ট সংস্থা করছে। তিনি অভিযোগ করেন, তার সম্পদ দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ বাস্তবসম্মত নয় এবং এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানান।

 

সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান মানিক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

 

তবে এ বিষয়ে অভিযুক্ত স্ত্রী বা সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।