ঢাকা | জুন ২৪, ২০২৬ - ৪:২৮ অপরাহ্ন

শিরোনাম

পরিবেশ সংরক্ষণে গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, June 24, 2026 - 2:00 pm

রাঙামাটি প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১০টায় রাঙামাটির কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মো. হাবীব আজম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ, শিক্ষক সেলিম আহম্মদ, শাহী সেলিম, বানসিতা দেওয়ান এবং জাতীয়তাবাদী ওলামা দলের রাঙামাটি জেলা সভাপতি মাওলানা ইব্রাহীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক সাকিবুল হাসান সায়েম। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মেহেদী, সদস্য সচিব নাজমুল হাসান নয়ন, সদস্য ইমন হোসেন সোহেল, রাম দাশ, ইয়াসিন উদ্দীন মেঘ, মো. ইমন হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে সাকিবুল হাসান সায়েম বলেন, গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাব শুধু ক্রীড়া কার্যক্রমে সীমাবদ্ধ নয়, বরং সামাজিক ও পরিবেশগত উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে কাজ করছে। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এ সময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, একটি সবুজ ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। একটি গাছ শুধু পরিবেশ নয়, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও নিবিড়ভাবে সম্পর্কিত।

যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মেহেদী বলেন, প্রতিটি মানুষ যদি বছরে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে অল্প সময়ের মধ্যেই পরিবেশ আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রমকে আরও সম্প্রসারণের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।