ঢাকা | জুন ১২, ২০২৬ - ১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

শিক্ষার্থী-জনস্বার্থে আদ্-দ্বীন হাসপাতালের বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জামায়াতের আমিরের 

  • আপডেট: Thursday, June 11, 2026 - 11:02 pm

ডেস্ক রিপোর্ট।। জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতকের মৃত্যু ঘটনায় সরকার প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে। এটি মোটেই সঠিক সিদ্ধান্ত হয়নি। তাই বিষয়টি শিক্ষার্থী ও জনগণের স্বার্থে পুনর্বিবেচনা দাবি জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এই দাবি জানান।

তিনি বলেন, সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতকের মৃত্যু হয়েছে।  যা অত্যন্ত বেদনাদায়ক।  আমরা সবাই এ ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করি।

 

তিনি আরো বলেন,  ঘটনাটিকে কেন্দ্র করে সরকার হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে। এটি মোটেই সঠিক সিদ্ধান্ত হয়নি। তদন্তের মাধ্যমে কোনো অবহেলা, ত্রুটি কিংবা অপরাধ চিহ্নিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। তা না করে যে হাসপাতালটি ‘গরিবের হাসপাতাল’ নামে পরিচিত এবং মানসম্মত সেবার মাধ্যমে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, আজ তারই লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। শেষ পর্যন্ত এর ক্ষতি জনগণেরই হলো।

তিনি আরো বলেন,  এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে সম্ভবত ৪০০-৫০০ মেডিকেল শিক্ষার্থী লেখাপড়া করে। এর পাশাপাশি নার্সিং কোর্সও চালু রয়েছে। এখন তারা যাবে কোথায়?

ডা. শফিকুর রহমান বলেন,  শিক্ষার্থী ও জনগণের স্বার্থে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। কারও কোনো দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করে দেওয়া কাম্য নয়।