ঢাকা | জুন ১১, ২০২৬ - ৯:২০ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, June 11, 2026 - 7:02 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলায় চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, কারবারি, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। তিনি বলেন, “স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক ও গুরুত্বপূর্ণ অধিকার। দুর্গম অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। সরকারি স্বাস্থ্য বিভাগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকেও জনস্বাস্থ্য বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আরও কার্যকরভাবে কাজ করতে হবে। তাহলেই মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না।”

চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা।

এর আগে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা। তিনি জানান, কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত খ্রিষ্টিয়ান হাসপাতাল ‘সোশ্যাল হেলথ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড (SHED Board)’-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান। ১৯০৭ সালে প্রতিষ্ঠিত এ হাসপাতাল এক শতাব্দীরও বেশি সময় ধরে পার্বত্যাঞ্চলসহ আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ভবিষ্যতেও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।