ঢাকা | জুন ৮, ২০২৬ - ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম

বাউফলে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট: Monday, June 8, 2026 - 9:08 pm

মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফল উপজেলায় এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) ভোরে উপজেলার বাউফল সদর ইউনিয়নের কায়না গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিনা বেগম (১৭) স্থানীয় আদম আলী মৃধার মেয়ে বলে জানা গেছে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রিনার অল্প বয়সে বিয়ে হয়েছিল। তবে দাম্পত্য জীবনে নানা সমস্যার কারণে কয়েক মাসের মধ্যেই সেই বিয়ে ভেঙে যায়। এরপর থেকে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন।

নিহতের মা সিমা বেগম জানান, রোববার রাতে পরিবারের সবাই স্বাভাবিকভাবে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার ভোরে নামাজের জন্য ঘুম থেকে উঠে বাড়ির পেছনের বারান্দায় গিয়ে মেয়েকে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

স্বজনরা জানান, বিবাহবিচ্ছেদের পর রিনা মানসিক অস্থিরতায় ভুগছিলেন। এ সময় তার আচরণে পরিবর্তন দেখা যায় এবং তিনি প্রায়ই হতাশায় ভুগতেন।

খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।