ঢাকা | মে ১৩, ২০২৬ - ১২:১৭ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক নার্সিং দিবসে রাঙামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা

  • আপডেট: Wednesday, May 13, 2026 - 10:22 am

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” প্রতিপাদ্যে রাঙামাটিতে আন্তর্জাতিক নার্সিং দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে রাঙামাটি নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কে কে রায় সড়ক ঘুরে রাঙামাটি জেনারেল হাসপাতালের নতুন ভবনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাকটর রেণুকা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের স্বাস্থ্য বিষয়ক আহ্বায়ক মো. হাবীব আজম। এছাড়াও শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন লাবনী বড়ুয়া ও এশিয়া চক্রবর্তী।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান চালিকাশক্তি হচ্ছেন নার্সরা। একজন রোগীর সেবাযত্ন, মানসিক সাহস জোগানো এবং চিকিৎসা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে নার্সদের ভূমিকা অপরিসীম। অথচ অনেক ক্ষেত্রেই তাদের কাজের যথাযথ মূল্যায়ন হয় না। তাই আধুনিক ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং কর্মপরিবেশ উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে।

ডা. নূয়েন খীসা বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে দক্ষ ও মানবিক নার্স তৈরি করা সময়ের দাবি। রোগীদের পাশে থেকে দিন-রাত নিরলস পরিশ্রম করে নার্সরা চিকিৎসাসেবাকে আরও কার্যকর করে তুলছেন। তাদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।