বাঘাইছড়িতে উন্নয়ন থেকে বঞ্চিত ৩ হাজার মানুষ
বাঘাইছড়ি প্রতিনিধি:-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩২নং বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব লাইল্যা ঘোনা এলাকার ২৫০ পরিবারের ৩ হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছে।
যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসাসেবা সহ সকল প্রকার মৌলিক চাহিদা থেকে দীর্ঘদিন বঞ্চিত এসব মানুষ। সামান্য বৃষ্টি হলেই ঘর থেকে বের হওয়ার উপায় নেই। সড়কের কাদাযুক্ত মাটি মাড়িয়ে ছোট ছোট শিক্ষার্থীদের স্কুলে যেতে হয়। অসুস্থ হলে রোগীদের হাসপাতালে নিতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে পানি জমে থাকায় সুপারি গাছ দিয়ে সাঁকো বানিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় মুরব্বিদের সাথে কথা বলে জানা যায়, বিগত সরকারের ১৭ বছরে গ্রামটিতে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। চরম অবহেলায় পড়ে আছে সড়ক। পুরো গ্রামের অর্ধেক পরিবার পানিবন্দি অবস্থায় আছে। এই দুর্ভোগ থেকে উত্তরণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করছেন তারা।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান জানান, বিষয়টি নজরে আসায় ইতোমধ্যে সড়ক উন্নয়নে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তা বাস্তবায়ন হলে দুর্ভোগ কিছুটা হলেও কেটে যাবে।











