আন্তর্জাতিক নার্স দিবসে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে বর্ণাঢ্য র্যালি
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং বিভাগ ও নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ৯টায় হাসপাতাল চত্বরে এ র্যালির আয়োজন করা হয়।
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ – জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র্যালিতে নার্সরা তাদের স্বকীয় পোশাকে সজ্জিত হয়ে ঢাক-ঢোল বাজিয়ে, ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন। বাঁশির সুরে মুখরিত পরিবেশে হাসপাতাল চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে চন্দ্রঘোনা দোভাষী বাজার প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং বিভাগে কর্মরত নার্স, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, হাসপাতালের চিকিৎসক ও বিভিন্ন বিভাগের স্টাফরা অংশ নেন।
র্যালি উদ্বোধনকালে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং বলেন, “শত বছরের ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট থেকে শিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন স্থানে নার্সরা সেবাদান করে আসছেন। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক, আমরা সেবার মনোভাব নিয়ে মানুষের পাশে কাজ করে যাবো।”











