ঢাকা | মে ৬, ২০২৬ - ৮:২১ অপরাহ্ন

শিরোনাম

লংগদু সরকারি মডেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মেয়ের হত্যা চেষ্টার অভিযোগ

  • আপডেট: Wednesday, May 6, 2026 - 5:58 pm

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির লংগদুতে লংগদু সরকারি মডেল কলেজের অধ্যক্ষ ওসমান গণির বিরুদ্ধে নিজের ডাক্তার মেয়েকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন তার মেয়ে চিকিৎসক ডা. জান্নাত।

অভিযোগে ডা. জান্নাত জানান, গত ২ মে ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তার বাবা ওসমান গণি ব্যক্তিগত কাজের জন্য তার কাছে ২০ লাখ টাকা দাবি করেন। তিনি এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার স্বর্ণালঙ্কার নেওয়ার জন্য জোরাজুরি করা হয়। একপর্যায়ে আলমারি ভাঙার চেষ্টা করে ব্যর্থ হলে আলমারি ভাঙার হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার মাথা ও কপাল ফেটে যায় এবং গুরুতর আহত হন। পরে তার মা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে তিনি দাবি করেন।

ডা. জান্নাত আরও অভিযোগ করেন, এর আগেও তার বাবা-মা বিভিন্নভাবে তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছেন। তার দাবি, তার সংসার নষ্ট করা, তাকে মানুষের কাছে মানসিক রোগী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া এবং বিভিন্নভাবে হেনস্তা করার মতো ঘটনা অতীতেও ঘটেছে। তিনি অভিযোগ করেন, এসব ঘটনায় তার মা একই কলেজের প্রভাষক রোকেয়া বেগমও জড়িত।

তিনি আরও বলেন, “বর্তমানে আমি গুরুতর অসুস্থ। আমার মাথায় ১০টি সেলাই লেগেছে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছি। তবে জীবনের নিরাপত্তাহীনতার কারণে বাড়িতে ফিরতে পারছি না।”

ডা. জান্নাত জানান, অতীতেও মেডিকেল ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে কর্মরত হাসপাতাল থেকে তাকে জোরপূর্বক বাড়িতে নিয়ে গিয়ে চেম্বার করতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে লংগদু সরকারি মডেল কলেজের অধ্যক্ষ ওসমান গণি বলেন, “আমার মেয়ে মানসিকভাবে অসুস্থ। সে বিভিন্ন সময় এমন আচরণ করে থাকে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।” মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি এটিকে পারিবারিক বিষয় বলে মন্তব্য করেন।

এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ জাকারিয়া বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি। তবে ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।