ঢাকা | সেপ্টেম্বর ২৩, ২০২৬ - ৯:৫৭ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

সেনাবাহিনীর আয়োজনে ফুটবল ম্যাচে উৎসবমুখর পরিবেশ

দীঘিনালা প্রতিনিধি।।

তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি জোরদারের লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর আয়োজনে ‘দীঘিনালা ফুটবল কাপ টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের অংশ হিসেবে বুধবার (২৩ সেপ্টেম্বর) দীঘিনালা উপজেলা ও লংগদু উপজেলার মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে দীঘিনালাকে ৩-২ গোলে হারিয়ে জয় পেয়েছে লংগদু উপজেলা।

দীঘিনালা জোনের আয়োজনে বিকেলে দীঘিনালা উপজেলা মিনি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পাহাড়ি-বাঙালি নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী প্রায় দুই হাজার দর্শক মাঠে উপস্থিত হয়ে ম্যাচ উপভোগ করেন।

ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মো. তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি। এ সময় দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয়, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। শেষ পর্যন্ত লংগদু উপজেলা তিনটি গোল করে জয় নিশ্চিত করে। অপরদিকে দীঘিনালা উপজেলা দুটি গোল করে।

আয়োজক সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

সম্পর্কিত