ঢাকা | এপ্রিল ২৬, ২০২৬ - ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম

আলীকদমের দুর্গম কুরুকপাতায় হাম-রুবেলা টিকাদান, নিরাপত্তায় সেনাবাহিনী

  • আপডেট: Sunday, April 26, 2026 - 7:33 pm

নিজস্ব প্রতিবেদক।।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আলীকদম উপজেলার কুরুকপাতায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ও অস্থায়ী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার কুরুকপাতা বাজারস্থ কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে পরিচালিত হয়।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে টিকা প্রদান করা হয়। প্রায় ২০০ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

একইসঙ্গে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। সেখানে স্থানীয় নারী, পুরুষ ও প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়। ইতোমধ্যে প্রায় ৩৫ জন রোগী এ সেবা গ্রহণ করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ হাসানের নেতৃত্বে ২ জন চিকিৎসক, ১ জন মেডিকেল সহকারী ও ৩ জন নার্সের সমন্বয়ে একটি মেডিকেল টিম দায়িত্ব পালন করে।

দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ ও সার্বিক সহযোগিতায় আলীকদম সেনা জোনের মেন্দনপাড়া আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা মাঠপর্যায়ে কাজ করেন।

আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক বলেন, সমন্বিত উদ্যোগে দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় কর্মসূচিটি আরও কার্যকরভাবে সম্পন্ন হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগ পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।