ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

ঈদগাঁওতে দোয়া ও ইফতার মাহফিল: এলাকাবাসীকে নিরাপদে রাখার দায়িত্ব আমাদের-এমপি কাজল

  • আপডেট: Sunday, March 8, 2026 - 8:53 pm

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার:

পবিত্র রমজানুল মোবারক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কক্সবাজারের ঈদগাঁওয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে ঈদগাঁও উপজেলা বিএনপি পরিবারের উদ্যোগে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার সদর–রামু ও ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করায় তিনি ঈদগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, “আগামী পাঁচ বছর আমাদেরকে সহযোগিতা করতে হবে, আমরাও আপনাদের পাশে থাকব। আমি শুধু বিএনপির এমপি নই, আপনাদের সবার এমপি। এলাকার যেকোনো সমস্যা সরাসরি আমাকে জানাবেন, সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে ঈদগাঁওকে নিরাপদ, শান্তিপূর্ণ ও চাঁদাবাজিমুক্ত রাখা অন্যতম। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এমপি কাজল বলেন, সরকারি টোল ছাড়া কোনো ধরনের চাঁদা না দেওয়ার জন্য এলাকাবাসীকে সচেতন থাকতে হবে। তিনি ইজারাদারদের উদ্দেশে বলেন, নির্ধারিত স্থানে মূল্যতালিকা টাঙিয়ে রাখতে হবে। মূল্যতালিকা না থাকলে জনগণ টোল দিতে বাধ্য নন। পাশাপাশি কেউ চাঁদাবাজি করলে দল তার দায়িত্ব নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, কোথাও মাটি কাটার প্রয়োজন হলে তা অবশ্যই সরকার বা প্রশাসনের অনুমতি নিয়ে করতে হবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার। তিনি বলেন, “এলাকাবাসীকে নিরাপদে রাখার দায়িত্ব আমাদের। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এম. মমতাজুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসাইন মেম্বার, সদস্য সচিব বেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নুরুল হুদা নকশা, সাবেক সদস্য সচিব আনিসুর রহমান এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল হক।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা দিদারুল ইসলাম।

এ সময় ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের মাস্টার, ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আবু সিদ্দিক, ইসলামাবাদ বিএনপির সভাপতি হুমায়ুন কবির কোম্পানি, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম (সাবেক মেম্বার), পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ এম সেলিম উল্লাহসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ইফতারের প্যাকেট বিতরণ করা হয়।