ঢাকা | ফেব্রুয়ারী ১, ২০২৬ - ৭:০৬ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ২৬৭টি ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে

  • আপডেট: Sunday, February 1, 2026 - 4:19 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ও পার্শ্ববর্তী জেলার মোট ৭টি উপজেলায় ২৬৭টি ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। এসব এলাকায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর ওয়াগ্গাছড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের বিনোদন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী (সিগন্যালস)।

তিনি বলেন, সংসদীয় আসন-২৯৯ রাঙামাটির কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলায় প্রতিটি উপজেলায় একটি করে বেইজ ক্যাম্প স্থাপন করে মোট ৮০টি ভোটকেন্দ্রে বিজিবি দায়িত্ব পালন করবে। কাপ্তাই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা মূলত দুর্গম পার্বত্য অঞ্চল হওয়ায় নির্বাচনী দায়িত্ব পালন একটি বড় চ্যালেঞ্জ। এর মধ্যে রাঙামাটি জেলার দু’টি উপজেলা অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত, যেখানে ২৬টি ভোটকেন্দ্র রয়েছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি আরও জানান, ব্যাটালিয়নের আওতাধীন মোট ২৬৭টি ভোটকেন্দ্রে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৭টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিজিবি মোতায়েন করা হবে।

প্রেস ব্রিফিংয়ে লে. কর্নেল কাওসার মেহেদী বলেন, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার বা সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে।

তিনি বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে সারাদেশের ৩০০টি সংসদীয় আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়া বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড, র‌্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) সার্বক্ষণিক প্রস্তুত থাকবে, যারা যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম।

প্রেস ব্রিফিংয়ে কাপ্তাই ৪১ বিজিবির ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্ট বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।