নিরাপত্তা নিশ্চিতে সব সময় সজাগ থাকর আহ্বান বান্দরবান জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্টের
বান্দরবান প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে বান্দরবানের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি জেলার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় মণ্ডপে দায়িত্ব পালনরত আনসার ও ভিডিপি সদস্যদের খোঁজখবর নেন এবং নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের ব্রিফিং দেন জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল। এ সময় তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
তিনি বলেন, “পূজামণ্ডপে আসা ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সজাগ থাকতে হবে এবং আইনশৃঙ্খলার ব্যাঘাত যেন না ঘটে, সে জন্য সর্বদা সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখতে হবে।”
এ ছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে আনসার ও ভিডিপি সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
জেলা কমান্ড্যান্টের এ পরিদর্শন ও দিকনির্দেশনা দায়িত্ব পালনরত সদস্যদের মধ্যে সতর্কতা ও কর্মোদ্দীপনা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।











