ঢাকা | অক্টোবর ৫, ২০২৬ - ৮:২২ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে সেনাবাহিনীর দুই দিনব্যাপী বিশেষায়িত মেডিকেল ক্যাম্প

বান্দরবান জেলা প্রতিনিধি:

 

বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে দুই দিনব্যাপী বিশেষায়িত মেডিকেল ক্যাম্পেইন শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৫ ও ৬ অক্টোবর এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।

 

বান্দরবান রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে সামরিক ও বেসামরিক মিলিয়ে মোট ৩০ জন চিকিৎসক চিকিৎসাসেবা দিচ্ছেন।

 

ক্যাম্পে মেডিসিন, শিশু, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা, চর্ম ও যৌনরোগ, চক্ষু, শল্যচিকিৎসা এবং নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসাসেবা প্রদান করছেন।

 

দুই দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে প্রায় ৪ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ প্রদান করা হচ্ছে।

 

বান্দরবান জেলার সাধারণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা সহজলভ্য করার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি করাই এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।

 

এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ বান্দরবানের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

সম্পর্কিত