কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:
‘জ্ঞানে-যুক্তিতে, স্বপ্নে-সাহসে আগামী’ স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব-২০২৬’। উৎসবের অংশ হিসেবে সোমবার (৫ অক্টোবর) কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম জেলা পরিষদের সহযোগিতায় এবং কর্ণফুলী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় কৌশলগত অংশীদার হিসেবে ছিল বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং ক্লাব। সংগঠনটি কর্মশালায় কারিগরি ও প্রশিক্ষণমূলক সহায়তা দেয়।
কর্মশালায় উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থী ও প্রতিটি বিদ্যালয় থেকে একজন করে প্রতিনিধি শিক্ষকসহ মোট ১৮০ জন অংশ নেন। প্রশিক্ষণে বিতর্কের নিয়মকানুন, বারোয়ারি বিতর্ক, সংসদীয় বিতর্ক ও উপস্থাপনা শৈলী বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষক হিসেবে ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও সাবেক বিতার্কিক ইয়াসির সিলমী এবং ইউএসটিসি এফসেট ডিবেট ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি কাজী আরফাত।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উৎসবের আহ্বায়ক মো. রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন, সমাপনী ও সনদ বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, ‘দেশকে এগিয়ে নিতে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নেই। আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে।’ ভবিষ্যতে এ ধরনের বিতর্ক উৎসব সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. রিদুয়ানুল ইসলাম বলেন, ‘বিতর্ক কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি মানুষকে মুক্তচিন্তা, সততা ও পরমতসহিষ্ণুতার শিক্ষা দেয়। তরুণ প্রজন্মকে গুজব ও অন্ধবিশ্বাস থেকে দূরে রেখে যুক্তিনির্ভর মেধাভিত্তিক সমাজ গঠনে বিতর্কচর্চার বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘উপজেলার প্রতিটি স্কুলে বিতর্কচর্চা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আজকের তরুণরা চট্টগ্রামের বিতর্ক অঙ্গনে নেতৃত্ব দেবে এবং সবার অংশগ্রহণে পুরো টুর্নামেন্ট আরও সাফল্যমণ্ডিত ও সমৃদ্ধ হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিকভাবে সমৃদ্ধ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি নিয়মিত বিতর্কচর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে কৌশলগত অংশীদার বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং ক্লাবের সদস্যরা একটি প্রদর্শনী বিতর্ক (শো-ডিবেট) পরিবেশন করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি দুই প্রশিক্ষক ইয়াসির সিলমী ও কাজী আরফাতকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
কর্ণফুলী বিতর্ক উৎসব-২০২৬-এর সমন্বয়কারী ও বিতার্কিক আকরাম হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আমিরুল মোস্তফা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মো. ওসমান, কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুদ্দিন সবুজ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম, দৃষ্টি চট্টগ্রামের সদস্য ও ডিবিসি টেলিভিশনের প্রতিবেদক মুজিবুল হক।
এ ছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দিনব্যাপী এ কর্মশালার মধ্য দিয়ে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব-২০২৬’-এর আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। উৎসবের বিভিন্ন আয়োজন আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে।











