ঢাকা | অক্টোবর ৬, ২০২৬ - ১০:৩১ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

 

বান্দরবান প্রতিনিধি।

 

সহকর্মীদের বেতন ও বিদ্যালয়ের পরিচালন ব্যয় জোগাতে নিজেই ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে আলোচনায় আসা বান্দরবানের থানচির তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেয়েছেন।

 

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দেশের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে প্রধানমন্ত্রীর পছন্দের সাতজন শিক্ষকের তালিকায় স্থান পান বামং খিয়াং মিংলেন। অনুষ্ঠানে তাঁর শিক্ষকতা ও বিদ্যালয়ের জন্য অবদানের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।

 

বান্দরবানের দুর্গম পাহাড়ি উপজেলা থানচির তিন্দুতে বিদ্যালয়টির অবস্থান। ২০২০ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। অধিকাংশ শিক্ষার্থীর পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় নিয়মিত বেতন পরিশোধ করতে পারে না। ফলে শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়া এবং বিদ্যালয়ের পরিচালন ব্যয় মেটাতে সংকট দেখা দেয়।

 

এই পরিস্থিতিতে বিদ্যালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি ছুটির দিনগুলোতে থানচি-তিন্দু-রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। নৌকা চালিয়ে অর্জিত আয়ের বড় একটি অংশ তিনি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধে ব্যয় করতেন।

 

গণমাধ্যমে তাঁর এই উদ্যোগের খবর প্রকাশের পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। পরে গত ২৮ জুন জাতীয় সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণা দেন। তিনি জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়া গেছে এবং বিদ্যালয়টি জাতীয়করণের প্রক্রিয়া শুরু হবে।

 

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ১০২ জন গুণী শিক্ষকের প্রত্যেককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী সভাপতিত্ব করেন।

সম্পর্কিত