বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে দুদকের একটি বিশেষ এনফোর্সমেন্ট টিম জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ২০২৫-২৬ অর্থবছরে বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের তথ্য ও নথিপত্র যাচাই-বাছাই করা হয়। দুদকের কর্মকর্তারা কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, প্রকল্পের ফাইল, দরপত্র-সংক্রান্ত কাগজপত্র ও মাস্টাররোল পর্যালোচনা করেন।
পরে দুদকের বিশেষ এনফোর্সমেন্ট টিম বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকীছড়া পাড়ায় যায়। সেখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন ও যাচাই-বাছাই করেন কর্মকর্তারা।
অভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের সহকারী পরিচালক আবদুল আল নোমান বলেন, বান্দরবানে কয়েকটি প্রকল্প পরিদর্শন করে সেগুলো সন্তোষজনক মনে হয়েছে। তবে কাজের সঙ্গে বাস্তবতার মিল আছে কি না, তা নিশ্চিত হতে আরও কয়েকটি প্রকল্প র্যান্ডমভাবে পরিদর্শন করা হবে।
তিনি বলেন, লামা ও আলীকদম উপজেলার প্রকল্পগুলোও পরিদর্শন করা হবে। এসব যাচাই-বাছাই শেষে কমিশনের কাছে একটি প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রতিবেদনের ভিত্তিতে কমিশন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
অভিযানে দুদকের উপসহকারী পরিচালক রাকিব উদ্দিন মিজান, সহকারী পরিচালক নচিকতা চক্রবর্তী, বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দেসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











