ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে মা ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

  • আপডেট: Thursday, September 17, 2026 - 11:35 pm

 

মোঃ সুমন খান, রাজস্থলী প্রতিনিধি:

 

রাঙামাটির রাজস্থলীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসাবিষয়ক দুই সপ্তাহব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়।

 

বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের অধীন রাজস্থলী আর্মি ক্যাম্পের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাদাত ইসনাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জিয়া উদ্দিন, ডা. সাইফুল ইসলাম ও ডা. মোশাররফ আনাম। এছাড়া হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ক্যাপ্টেন সাদাত ইসনাইন বলেন, পার্বত্য এলাকার সার্বিক নিরাপত্তার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

 

তিনি প্রশিক্ষণার্থীদের গর্ভকালীন ও গর্ভপরবর্তী সময়ে মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান নিজ নিজ পরিবার ও সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

 

পরে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণে সফলভাবে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।