ঢাকা | জুন ২৯, ২০২৬ - ৭:৪৯ অপরাহ্ন

শিরোনাম

সেনাবাহিনীর উদ্যোগে রাজস্থলীতে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট: Monday, June 29, 2026 - 6:42 pm

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির রাজস্থলী উপজেলায় স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় ও উন্নয়ন কার্যক্রম জোরদারের লক্ষ্যে হেডম্যান ও কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্পে এ সম্মেলনের আয়োজন করা হয়।

রাঙামাটি জেলার কাপ্তাই জোনের জোন কমান্ডারের নির্দেশনায় এবং রাজস্থলী সাব-জোন কমান্ডারের তত্ত্বাবধানে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজস্থলী সাব-জোন কমান্ডার মেজর মো. হাফিজ। নিয়মিত মাসিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ সম্মেলনে স্থানীয় হেডম্যান ও কারবারীদের সঙ্গে মতবিনিময় করা হয়।

সম্মেলনে স্থানীয় প্রতিনিধিরা বিভিন্ন এলাকার সমস্যা, প্রয়োজন ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। এ সময় সাব-জোন কমান্ডার তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে মেজর মো. হাফিজ বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে সংশ্লিষ্ট ইউনিট অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এলাকায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে শান্তি, স্থিতিশীলতা ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, কাপ্তাই জোনের উদ্যোগে আয়োজিত এ ধরনের সম্মেলনের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক আরও দৃঢ় হবে এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নতুন সুযোগ সৃষ্টি হবে। দুর্গম এলাকার জনগণকে আধুনিক সুযোগ-সুবিধার আওতায় আনতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সম্মেলনে উপস্থিত ছিলেন রাজস্থলী সাব-জোনের জেসিও ওয়ারেন্ট অফিসার তৌহিদ, ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন মৌজা থেকে আগত ৪ জন সদস্য, ৫ জন হেডম্যান ও ৫৩ জন কারবারী। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।