ঢাকা | জুন ২৯, ২০২৬ - ৭:৪৯ অপরাহ্ন

শিরোনাম

চন্দনাইশে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, ধর্ষণ মামলায় ২ জন গ্রেফতার

  • আপডেট: Monday, June 29, 2026 - 6:34 pm

চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশার চালককেও আটক করা হয়েছে।

থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুন সন্ধ্যায় উপজেলার গাছবাড়িয়া এলাকার দুই বোন নানীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে গাছবাড়িয়া এলাকার একটি মাজার সংলগ্ন স্থানে পৌঁছালে তাদের একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পথিমধ্যে এক বোন কৌশলে গাড়ি থেকে নেমে যেতে সক্ষম হলেও অপর বোনকে উপজেলার কান্চনাবাদ এলাকার একটি স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরদিন পরিবারের কাছে ফিরে আসার পর তাকে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় গত ২৮ জুন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে মো. নাসিরের ছেলে আবুল ফয়েজ ফয়সাল (২৬) এবং ইউনুসের ছেলে জাহিদুল ইসলাম (২৭)-কে গ্রেফতার করা হয়। পাশাপাশি সিএনজির মালিক ও চালক জাহেদকেও আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চন্দনাইশ থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে এসআই লিটন মিয়ার ওপর।