নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য নিয়ে এবারের ‘ইত্যাদি’
বিনোদন ডেস্ক।। স্টুডিওর চারদেয়াল থেকে বেরিয়ে ইতিহাস, ঐতিহ্য ও শেকড়ের সন্ধানে দেশের নানা প্রান্তে শুটিংয়ের ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের গন্তব্য প্রাচীন জনপদ নরসিংদী জেলা। নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে এক দৃষ্টিনন্দন ও জমকালো মঞ্চে ধারণ করা হয়েছে ইত্যাদির এবারের পর্ব।
বরাবরের মতো এবারের পর্বেও রয়েছে বেশ কিছু বিশেষ আকর্ষণ, যার মধ্যে দুটি গান অন্যতম। এর একটি গেয়েছেন নরসিংদীরই সন্তান ও জনপ্রিয় সুরকার-শিল্পী ইমন চৌধুরী এবং তার দল বেঙ্গল সিম্ফনি। জুয়েল আহমেদ ও কবির বকুলের যৌথ লেখায় এই ফোক-ফিউশনধর্মী গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী নিজেই।
এছাড়া অনুষ্ঠানের শুরুতে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি নিয়ে থাকছে একটি জমকালো নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। তানজিনা রুমা ও রাজিবের কণ্ঠে এই গানের সাথে স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনাটির কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ।
এবারের দর্শকপর্বে নরসিংদী জেলাকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শকদের মধ্য থেকে চারজনকে নির্বাচন করা হয়। পরে নির্বাচিত দর্শকেরা নরসিংদীর ঐতিহ্যবাহী নানা পণ্য নিয়ে তৈরি একটি চমৎকার নাট্যাংশে অংশ নেন। পাশাপাশি তথ্যভিত্তিক প্রতিবেদনে থাকছে গুরুত্বপূর্ণ প্রত্নস্থল উয়ারী-বটেশ্বর, নরসিংদী জেলার ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনার আদ্যোপান্ত। এছাড়া এই জেলার কীর্তিমান ও স্মরণীয় ব্যক্তিদের পাশাপাশি স্থানীয় ঐতিহ্যবাহী তাঁতশিল্পের ওপর একটি বিশেষ তথ্যবহুল প্রতিবেদন থাকছে এবারের পর্বে।
ইত্যাদির নিয়মিত আয়োজনে এবারও থাকছে কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে নাতির জমজমাট আড্ডা। সেই সঙ্গে সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর তীক্ষ্ণ ও তির্যক নাট্যাংশ তো থাকছেই। এসব নাট্যাংশে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন পাটোয়ারী, আমিন আজাদ, শাহেদ আলী, আনন্দ খালেদ, সাজ্জাদ সাজু, সাদিয়া তানজিন, সূচনা শিকদার, মুকুল সিরাজ, কামাল বায়েজিদ, আশরাফুল আলম সোহাগ, সাইদুর রহমান পাভেল, সাবরিনা নিসা, সুজাত শিমুলসহ আরও অনেকে।
ফাগুন অডিও ভিশনের নির্মাণে ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। বহুল প্রতীক্ষিত ইত্যাদির এই নরসিংদী পর্বটি আগামী ৫ জুন, শুক্রবার বিটিভিতে রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচারিত হবে।











