ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ১:৩৯ অপরাহ্ন

শিরোনাম

লামার রূপসীপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা আর নেই

  • আপডেট: Friday, July 17, 2026 - 12:02 pm

লামা (বান্দরবান) প্রতিনিধি।।

বান্দরবানের লামা উপজেলার ৬ নম্বর রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ছাচিংপ্রু মার্মা স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথে বিজি ট্রাস্ট হাসপাতালে নেওয়া হলে রাত আনুমানিক ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাচিংপ্রু মার্মার মৃত্যুতে রূপসীপাড়া ইউনিয়নসহ পুরো লামা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি শিক্ষকতা, জনপ্রতিনিধিত্ব ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় একজন পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
জানা যায়, তার পৈতৃক বাড়ি রূপসীপাড়া ইউনিয়নের মংপ্রুপাড়ায়। লেখাপড়া ও চাকরির সুবাদে দীর্ঘদিন লামা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বড় নুনাবিল এলাকায় বসবাস করেন। পরবর্তীতে শ্বশুরবাড়ির পাশে নিজস্ব বাড়ি নির্মাণ করে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
ব্যক্তিজীবনে তিনি প্রথমে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরে চাকরি থেকে ইস্তফা দিয়ে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেন এবং জনগণের সেবায় আত্মনিয়োগ করেন। পরপর তিনবার রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি ছিলেন কর্মঠ, প্রাণোচ্ছল ও জনবান্ধব।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।