ঢাকা | জুন ২৬, ২০২৬ - ৯:২৪ অপরাহ্ন

শিরোনাম

সরকারি হাসপাতালে জন্ম নিলেই সোনার আংটি, ঘোষণা বিজয়ের

  • আপডেট: Friday, June 26, 2026 - 8:17 pm

বিনোদন ডেস্ক।। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিতে এসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া বিজয় এবার ঘোষণা দিলেন ব্যতিক্রমী এক জনকল্যাণমূলক প্রকল্পের। রাজ্যের সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে উপহার হিসেবে দেওয়া হবে ১ গ্রামের একটি সোনার আংটি।

‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামে এই প্রকল্প চালু করছে তামিলনাড়ু সরকার। এর আওতায় সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে সম্পূর্ণ বিনা মূল্যে সোনার আংটি দেওয়া হবে।

জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নে বার্ষিক ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি বরাদ্দ দিয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে মুখ্যমন্ত্রী বিজয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই উদ্যোগের অনুপ্রেরণা এসেছে তামিল সংস্কৃতির ঐতিহ্যবাহী ‘থাই মামান সির’ প্রথা থেকে। এই প্রথা অনুযায়ী, পরিবারে নতুন শিশুর জন্ম হলে মায়ের ভাই বা মামা নবজাতককে উপহার দিয়ে আশীর্বাদ করেন।

সেই ঐতিহ্যকে অনুসরণ করেই এবার প্রতীকী অর্থে রাজ্য সরকার প্রতিটি নবজাতকের ‘মামা’র ভূমিকা পালন করবে। সরকারের ভাষ্য, এই সোনার আংটি শুধু একটি উপহার নয়, বরং নবজাতক ও তাদের পরিবারের প্রতি সরকারের ভালোবাসা, স্নেহ এবং সমর্থনের প্রতীক।

ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ২২ জুন, অর্থাৎ মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতক এই প্রকল্পের সুবিধা পাবে। ওই দিন থেকে জন্ম নেওয়া প্রতিটি শিশুই ১ গ্রামের সোনার আংটি পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে।

যদিও প্রকল্পের কার্যকারিতা শুরু হবে ২২ জুন থেকেই, এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬। তামিলনাড়ুর প্রখ্যাত নেতা পেরারিজ্নার আন্নার জন্মবার্ষিকীতে মুখ্যমন্ত্রী বিজয় এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন।

ভারতের বিভিন্ন রাজ্যে রাজনৈতিক নেতাদের জন্মদিন উপলক্ষে দলীয় উদ্যোগে নবজাতকদের উপহার দেওয়ার নজির থাকলেও, কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতিশ্রুতিকে আইনি কাঠামোর আওতায় এনে সরাসরি রাজ্য সরকারের কল্যাণমূলক প্রকল্প হিসেবে বাস্তবায়নের ঘটনা এটিই প্রথম বলে দাবি করা হচ্ছে।

উল্লেখ্য, ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ ছিল মুখ্যমন্ত্রী বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাঝাগাম (টিভিকে)- এর অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। দলের নির্বাচনী ইশতেহার এবং ‘ভেট্টি তামিঝাগাম ভিশন ডকুমেন্ট’-এ এই প্রকল্পের বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছিল। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় বিজয়ের এই পদক্ষেপ তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে।