ঢাকা | জুন ২৫, ২০২৬ - ৯:৪১ পূর্বাহ্ন

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

  • আপডেট: Thursday, June 25, 2026 - 8:24 am

বিনোদন ডেস্ক।। এ বছর ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’-এ ভূষিত হয়েছেন জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক। ২৩ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

পদ্মভূষণ পাওয়ার পর ইনস্টাগ্রামে অলকা জানান, গত কয়েক বছর তাঁর জীবন সহজ ছিল না। বিরল শ্রবণ সমস্যার সঙ্গে লড়াই চালিয়ে যেতে হচ্ছে তাঁকে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলেও জানান তিনি।

অলকা লেখেন, ‘অসুস্থতার কারণে দুই বছর ধরে আমি জনসমক্ষে যাওয়া এবং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা কমিয়ে দিয়েছি। যখন দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ গ্রহণ করি, আমার মন কৃতজ্ঞতায় ভরে ওঠে। যদিও এই সম্মানে আমার নাম লেখা রয়েছে, কিন্তু এটি সেই সব শ্রোতার জন্যও, যাঁরা আমার কণ্ঠকে নিজেদের জীবনের অংশ করে নিয়েছেন।’

অলকা আরও লিখেছেন, ‘এই মুহূর্ত আমার কাছে বিশেষ; কারণ, এটি শুধু আমার কাজের স্বীকৃতি নয়, বরং সেই শক্তিরও স্মারক, যা ভালোবাসা, আশা এবং সাহস থেকে আসে। শুধু নিজের জন্য নয়; আমি এখানে এসেছি আপনাদের সবার জন্য, যাঁরা এই দীর্ঘ যাত্রার অংশ ছিলেন।’

অলকা আরও জানান, ভক্তদের ভালোবাসা এবং শুভেচ্ছা তাঁকে অসুস্থতার এই কঠিন সময়ে মানসিক শক্তি জুগিয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

দুই বছরের বেশি সময় ধরে সেন্সরিনিউরাল হেয়ারিং লস নামের বিরল শ্রবণজনিত সমস্যায় ভুগছেন অলকা। ২০২৪ সালে নিজের অসুস্থতার কথা প্রকাশ করেন অলকা ইয়াগনিক। এই রোগে কানের অভ্যন্তরীণ অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ধীরে ধীরে শুনতে সমস্যা দেখা দেয়।