ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ১১:৩৬ অপরাহ্ন

শিরোনাম

বন্যাদুর্গতদের পাশে দোহাজারীতে কৃষি ও অর্থমন্ত্রী, মঞ্চ ধসে আহত কয়েকজন

  • আপডেট: Friday, July 17, 2026 - 9:45 pm

চন্দনাইশ প্রতিনিধি

 

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ও ত্রাণ কার্যক্রমে অংশ নিতে চট্টগ্রামের দোহাজারী সফর করেছেন সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশীদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

 

শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশীদ দোহাজারী পৌঁছে বেগম বাজার এলাকা পরিদর্শন করেন। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

 

এ সময় তিনি জানান, দোহাজারীতে সবজি সংরক্ষণের জন্য একটি আধুনিক হিমাগার প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনা কর্মসূচির আওতায় দোহাজারীর প্রতিটি কৃষককে আর্থিক সহায়তা দেওয়া হবে।

 

পরে একটি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ৫০ জন খামারির মাঝে গবাদিপশুর খাদ্য ও বিভিন্ন রোগ প্রতিরোধে ভ্যাকসিন বিতরণ করেন তিনি।

 

এ সময় তাঁর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

অন্যদিকে, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ১১টায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দোহাজারী পৌঁছান। তিনি পায়ে হেঁটে ত্রাণ বিতরণের জন্য দোহাজারী সিটি সেন্টারের সামনে প্রস্তুতকৃত মঞ্চে ওঠেন।

 

তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম-১৫ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম মিয়া, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ অন্যান্য অতিথিরা।

 

শুভেচ্ছা বক্তব্য চলাকালে হঠাৎ অতিরিক্ত চাপে মঞ্চটি ভেঙে পড়ে। এতে মন্ত্রীসহ মঞ্চে উপস্থিত সবাই নিচে পড়ে যান। ফলে অর্থমন্ত্রী নির্ধারিত ত্রাণসামগ্রী বিতরণ করতে পারেননি। পরে তিনি মঞ্চ থেকে নেমে সাতকানিয়ার উদ্দেশে রওনা হন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি স্থানীয় অনেক নেতা-কর্মী ছবি তোলার জন্য মঞ্চে উঠে ভিড় করায় অতিরিক্ত চাপে মঞ্চটি ধসে পড়ে। এ ঘটনায় অন্তত ৪ থেকে ৫ জন আহত হন। পরে স্থানীয় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

 

ত্রাণ বিতরণকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা, হুড়োহুড়ি ও ঠেলাঠেলির সৃষ্টি হয়। এতে আরও কয়েকজন আহত হন। আহতদের দোহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

এদিকে, বিকেলে চন্দনাইশ পৌরসভা এলাকায় ত্রাণ বিতরণের পূর্বঘোষিত কর্মসূচি বাতিল করা হয়েছে।