খাগড়াছড়ির উন্নয়নে প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মাধবী মারমার
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত, জনসেবার মান বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সংরক্ষিত মহিলা আসন-৩৩৪-এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাদিয়া আফরিন কচি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা সভায় অংশ নেন।
সভা শুরুর আগে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় সভায় অ্যাডভোকেট মাধবী মারমা খাগড়াছড়ির চলমান উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা এবং নারীদের আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই অগ্রগতি নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করতে হবে। সরকারি উন্নয়ন কার্যক্রমের সুফল যেন প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।
সভায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা, উন্নয়নের সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। এ সময় খাগড়াছড়ির সামগ্রিক উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কার্যকর ভূমিকা ও পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।











