ঢাকা | নভেম্বর ২৪, ২০২৬ - ৭:৩০ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

আত্মকর্মসংস্থানের পথ দেখাচ্ছে মহালছড়ি সেনা জোন, প্রশিক্ষণ শেষে বিতরণ হাঁস-মুরগি ও ছাগল

মহালছড়ি প্রতিনিধি।।

 

খাগড়াছড়ির মহালছড়িতে দরিদ্র, সুবিধাবঞ্চিত ও বেকার জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে দুই দিনব্যাপী গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ছাগল, হাঁস ও মুরগি বিতরণ করা হয়েছে।

 

রোববার শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয় সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মহালছড়ি টাউন হলে। এতে প্রায় শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

 

প্রশিক্ষণে গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনের আধুনিক পদ্ধতি, এর মাধ্যমে আয়বর্ধনের সুযোগ এবং পারিবারিক অর্থনৈতিক সচ্ছলতা অর্জনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি স্বল্প পুঁজিতে হাঁস-মুরগি ও গবাদিপশু পালনের মাধ্যমে কীভাবে আত্মকর্মসংস্থান গড়ে তোলা যায়, সে বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

 

অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রশিক্ষণার্থীদের জীবিকা নির্বাহ ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টিতে সহায়তা হিসেবে ছাগল, হাঁস ও মুরগি বিতরণ করা হয়। মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন আজিমুর রহমান প্রশিক্ষণার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশিক্ষণের পাশাপাশি হাঁস-মুরগি ও ছাগল বিতরণের এ উদ্যোগ অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে বেকারত্ব কমানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে পারিবারিক আয় বৃদ্ধি ও আর্থিক স্বচ্ছলতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন দুর্গম ও প্রান্তিক এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা এবং আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কর্মসূচি স্থানীয় জনগোষ্ঠীর স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত