বাঙ্গালহালিয়ায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি (অস্ত্র) ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৭টার দিকে বাঙ্গালহালিয়া সরকারি কলেজের উত্তর পাশের একটি পুকুরপাড়ের জঙ্গল থেকে এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল সফিপুর ও বাঙ্গালহালিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় বাঙ্গালহালিয়া স্টেশনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে কলেজসংলগ্ন পুকুরপাড়ের জঙ্গলে তল্লাশি চালানো হয়। পরে সেখানে পলিথিনের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া যায়। উদ্ধার করা কার্তুজের মধ্যে একটি রাবার বুলেট এবং অপরটি সিসার বুলেট।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে পুলিশের উপপরিদর্শক (এসআই) সুফল কুমার দাস অস্ত্র ও কার্তুজগুলো জব্দ তালিকামূলে জব্দ করেন।
চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্র ও কার্তুজগুলো কারা সেখানে ফেলে গেছে, তা জানতে স্থানীয় দোকানদার ও উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখনো এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।











