ঢাকা | নভেম্বর ১৯, ২০২৬ - ১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে ২৬ পরিবারের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

 

বান্দরবান প্রতিনিধি:

 

পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসরত অসহায় ও অসুস্থ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন। এ উদ্যোগের অংশ হিসেবে জেলার চুয়ান বিল পাড়ায় ২৬টি পরিবারের অসুস্থ সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় বান্দরবান সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসির নির্দেশনায় লুংলেই পাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার চুয়ান বিল পাড়ায় এ বিশেষ চিকিৎসা সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

 

কর্মসূচিতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. সামিউল ইসলাম, এএমসি। এ সময় তিনি স্থানীয় অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রমে অংশ নেন।

 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত অসহায় মানুষের চিকিৎসাজনিত দুর্ভোগ লাঘব এবং আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, চিকিৎসাসেবা প্রদান এবং আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সম্পর্কিত