মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১৩ নম্বরের বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত ওই কার্যালয়ে হামলা চালানো হলে অন্তত দুই থেকে তিনজন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও কার্যালয়ের কর্মকর্তারা জানান, লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ভবনটিতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ভবনের সামনের কাচের দেয়াল, লিফটের চারপাশের ঘেরাও এবং ভবনে থাকা শফিকুল ইসলাম খান মিল্টনের ছবি ভাঙচুর করে।
হামলাকারীরা ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলেও মূল প্রবেশপথের কাচের দরজা আটকে দেওয়ায় তারা ভেতরে প্রবেশ করতে পারেনি। হামলার পর ভবনটির প্রবেশপথ বন্ধ করে দেওয়া হলে সেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।
ডিএনসিসি প্রশাসক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য হামলার বিষয়ে গত এক সপ্তাহ ধরে তারা সতর্ক ছিলেন। সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী এসে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর আক্রমণ চালান।
মামুন পাটোয়ারী আরও অভিযোগ করেন, পুলিশকে খবর দেওয়া হলেও অধিকাংশ ভাঙচুরের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তার দাবি, শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে এবং সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে চালানো উচ্ছেদ অভিযানের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
হামলার পর ভবনটি ঘিরে দলীয় নেতাকর্মীদের অবস্থান ও নিরাপত্তা জোরদার করা হলেও ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।











