বান্দরবানে আর্ন প্রকল্পের জেলা পর্যায়ের সূচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক।।
বান্দরবান পার্বত্য জেলার শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা ৫,৫৫০ জন তরুণ-তরুণীকে বাজার চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা উন্নয়ন, চাকরি, আত্মকর্মসংস্থান ও ব্যবসার সুযোগের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে আর্ন প্রকল্পের জেলা পর্যায়ের সূচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৮ নভেম্বর) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রকল্পের লক্ষ্য, বাস্তবায়ন-কৌশল, অগ্রগতি, সম্ভাবনাময় প্রশিক্ষণ ট্রেড এবং বাস্তবায়ন-চ্যালেঞ্জ তুলে ধরা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কেয়ার বাংলাদেশের নেতৃত্বে সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বান্দরবান জেলায় কেয়ার বাংলাদেশ ও সহযোগী সংস্থা তাহ্জিংডং প্রকল্প বাস্তবায়নে কাজ করছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাসান স্থানীয় চাহিদা ও কর্মসংস্থানের সম্ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে উপযুক্ত ট্রেড নির্বাচন এবং প্রশিক্ষণোত্তর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
উপস্থাপিত তথ্য অনুযায়ী, বান্দরবান জেলার সাতটি উপজেলায় ৩৬টি গ্রাম পর্যায়ের প্রশিক্ষণকেন্দ্র বা ভিলেজ-লেভেল ট্রেনিং সেন্টারের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। জেলার মোট লক্ষ্যমাত্রার মধ্যে ২হাজার ৯শত ৮০ জন কারিগরি দক্ষতা প্রশিক্ষণ এবং ২হাজার ৫শত ৭০ জন সামাজিক-আবেগিক ও আচরণগত দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণ করবেন।
প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সভায় জানানো হয়, বান্দরবান জেলায় ইতোমধ্যে ১হাজার ৬শত ৮২ জন তরুণ-তরুণীকে তালিকাভুক্ত করা হয়েছে, যা জেলার মোট লক্ষ্যমাত্রার ৩০.৩ শতাংশ। ডিসেম্বর ২০২৬ এর মধ্যে ৪০ শতাংশ, ফেব্রæয়ারি ২০২৭ এর মধ্যে ৭০ শতাংশ এবং জুন ২০২৭ এর মধ্যে শতভাগ তালিকাভুক্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, ৩০টি কমিউনিটি গ্রæপের লক্ষ্যমাত্রার বিপরীতে ১৮টি এবং ৩৬টি ভিএলটিসি এর লক্ষ্যমাত্রার বিপরীতে ৮টি প্রতিষ্ঠার অগ্রগতি অর্জিত হয়েছে।
বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ২৬টি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জন্য প্রকল্পের সামগ্রিক লক্ষ্যমাত্রা ২১ হাজার তরুণ-তরুণী। তাঁদের মধ্যে ৬০ শতাংশ, অর্থাৎ ১২ হাজার ৬০০জন নারীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে।
প্রশিক্ষণের বিষয় বা ট্রেড নির্বাচনের ক্ষেত্রে উপজেলা ভিত্তিক শ্রমবাজার, তরুণ-তরুণীদের আগ্রহ, নিয়োগকর্তার চাহিদা এবং স্থানীয় বাস্তবতা যাচাই করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তর ও বিশ্বব্যাংক অনুমোদিত ২২টি অগ্রাধিকার প্রাপ্ত খাত ও বিশেষায়িত ট্রেড থেকে উপযুক্ত ট্রেড নির্বাচন করে প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের অনুমোদনের পর প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ৭০ শতাংশ প্রশিক্ষণ প্রচলিত ও প্রমাণিত আয়ের ক্ষেত্রভিত্তিক এবং ৩০ শতাংশ সম্ভাবনাময় ও উদীয়মান বাজারমুখী খাতভিত্তিক হবে।
সভায় পার্বত্য অঞ্চলের ভৌগোলিক দুর্গমতা, ভাষাগত প্রতিবন্ধকতা, দুর্বল যোগাযোগব্যবস্থা, সীমিত ইন্টারনেট ও ডিজিটাল সংযোগ, প্রশিক্ষণ অবকাঠামোর স্বল্পতা এবং ভূমিধস, আকস্মিক বন্যা, খরা ও শুষ্ক মৌসুমে পানির সংকটসহ জলবায়ুজনিত ঝুঁকিকে প্রকল্প বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে সামাজিক রীতিনীতি, নিরাপত্তা, বাল্যবিবাহ, চলাচল ও তথ্য প্রাপ্তির প্রতিবন্ধকতা বিবেচনায় অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা বান্দরবানে আর্ন প্রকল্পের কার্যক্রম শুরু করায় আয়োজকদের প্রতি ধন্যবাদ প্রদান করেন এবং বান্দরবান পার্বত্য জেলার শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা তরুণ-তরুণীকে বাজার চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন করে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় আর্ন প্রকল্পের জেলা পর্যায়ের সূচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তর, বান্দরবানের উপপরিচালক মো: এনায়েত করিম, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সত্যজিৎ মমজুমদার, জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) মো.মামুনুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধি এবং কেয়ার বাংলাদেশ বান্দরবান প্রকল্প অফিস টিম এর সদস্যরা উপস্থিত ছিল।











